খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
রংপুর বিভাগের ১৩টি স্কুলে এ বছর কোনো শিক্ষার্থীই এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এ ১৩টি স্কুলে মোট ৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কিন্তু কেউই পাস করতে পারেনি।
এবারের ১৩টি স্কুলের মধ্যে রংপুরের পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদরের পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদরের সেনুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয় অন্তর্ভুক্ত।
দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৬০ হাজার ৮৮ জন অকৃতকার্য হয়েছে। বোর্ডের গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ০৩ শতাংশ।
এ ছাড়া, রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৭৮২টি স্কুলের মধ্যে ৪৮টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ, যার ফলে এবারের পাসের হার তুলনামূলকভাবে কমেছে।
এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের ১৮ হাজার ১০৫ জনের তুলনায় কিছুটা কম।
খবরওয়ালা/আরডি