চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়া এলাকার জেলা পরিষদ (ডিসি) সড়কে এ দুঃসাহসিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সামশুন নাহার জানান, রাউজান পৌর সদরের চারাবটতল এলাকায় চার গণ্ডা জমি কেনার জন্য জমির মালিকের সঙ্গে মোট ৩২ লাখ টাকার একটি চুক্তি হয়েছিল। চুক্তির অংশ হিসেবে আগে পাঁচ লাখ টাকা বায়না হিসেবে পরিশোধ করা হয়। মঙ্গলবার বাকি ২৭ লাখ টাকা ব্যাগে নিয়ে জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রাউজান সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দলিলের লেখক।
যাত্রাপথে রাজ চন্দ্রপাড়া এলাকার ডিসি সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে এসে মোট ছয়জন দুর্বৃত্ত অটোরিকশাটির পথরোধ করে। দুর্বৃত্তদের হাতে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, সামশুন নাহারের মোবাইল ফোন, অটোরিকশাচালকের মোবাইল ফোন এমনকি অটোরিকশার চাবিটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।
তবে ভাগ্যক্রমে জমির কাগজপত্রের ব্যাগে থাকা বাকি দুই লাখ টাকা ছিনতাইকারীদের নজর এড়িয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী নারী রাউজান থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সামশুন নাহারের প্রবাসী ছেলে মো. আরিফ জানান, মায়ের আগেই তিনি মোটরসাইকেল নিয়ে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পৌঁছে অপেক্ষা করছিলেন। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছোটেন। টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
এদিকে দিনদুপুরে ব্যস্ততম সড়কে এমন সশস্ত্র ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ঘটনাটির পাঁচ মিনিট পর সেখানে পৌঁছানো স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে যদি অস্ত্র ঠেকিয়ে টাকা লুটে নেওয়া হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকে? তিনি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে এবং অপরাধীদের শনাক্তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সহায়তা চান।
ছিনতাইয়ের এই ঘটনার সতত্য স্বীকার করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। সশস্ত্র ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করতে এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।


