রাজধানীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে বাবা-মেয়েসহ দগ্ধ ৪

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি আবাসিক ভবনে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তার দুই কন্যা নাজিয়া সুলতানা রাফিয়া (৮) ও ফারিয়া সুলতানা (৩) এবং ট্যাংক পরিষ্কারের কাজে নিয়োজিত শ্রমিক বেলাল হোসেন (৩৬)। চারজনকেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান জানান, ট্যাংক পরিষ্কারের সময় শ্রমিক বেলাল নিচে কাজ করছিলেন। সেসময় জিয়াউদ্দীন তার দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন। ট্যাংকে পর্যাপ্ত আলো না থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে নিচে নামেন। ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা কোনো দাহ্য গ্যাসের সংস্পর্শে আগুন বা স্পার্ক লাগার কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারজনই দগ্ধ হন।

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বার্ন ইউনিটে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, জিয়াউদ্দীনের শরীরের ৪ শতাংশ ও শ্রমিক বেলালের শরীরের ১৭ শতাংশ পুড়েছে। শিশু রাফিয়ার শরীরের ৬ শতাংশ ও ছোট বোন ফারিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সবার চিকিৎসা চলছে এবং অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্যাংক পরিষ্কারের সময় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু করেনি।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।