রাজধানীর যাত্রাবাড়ীতে আলাদা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার একটি দল শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ স্বপন (২১), রাব্বি (২৪) ও মুন্না (১৯)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে, একই থানার আরেকটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা থেকে মামুন (২৫)-কে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা এবং একটি পিকআপসহ গ্রেপ্তার করে।
একই দিনে বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন লিটনকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের একটি দল। এই সময়ে একটি পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এর আগের দিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি মতিঝিল বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে শনির আখড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে। এ সময় ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় তৈরি গোপন স্থান থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই শরিয়ত উল্লাহ এবং রহিম বাদশাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা ও গাঁজা এনে ঢাকায় বিক্রি করে আসছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ নজরদারি অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবরওয়ালা/টিএসএন



