খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম
ঢাকার বনানীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম রাব্বি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি তার স্ত্রী ও পরিবার নিয়ে মহাখালীর হাজারীবাড়ী এলাকায় থাকেন। বুধবার রাতে তিনি বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
ভোরবেলা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেনের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের বাম পায়ের উরুতে এবং ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিংয়ের বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ি থেকে নামার সময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে হত্যা করে।
খবরওয়ালা/এমএজেড
মন্তব্য