রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. ইউনুচ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজারকুল ইউনিয়নের মনছুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুচ রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ আদায় শেষে মো. ইউনুচ নিয়মিত হাঁটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। ঘটনার সময় স্থানীয় কবরস্থান পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন এলাকার কিছু মানুষ। ট্রেনের হর্ন শুনে তারা ছুটে গিয়ে দেখতে পান- মো. ইউনুচের দেহ রেল লাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। মরদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল।

নিহতের এক আত্মীয় বলেন, ‘আমরা সবাই মিলে আজ শুক্রবার কবরস্থান পরিষ্কার করছিলাম। হঠাৎ ট্রেনের শব্দ শুনে দৌঁড়ে এসে দেখি আমার মামাতো ভাই ইউনুচের দেহের একেকটা অংশ একেক দিকে পড়ে আছে। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।’

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ইউনুচ হাঁটতে বের হয়ে রেল লাইনে দুর্ঘটনার শিকার হন। তিনি একাই ছিলেন। আমি সঙ্গে সঙ্গে রামু থানাকে খবর দিয়েছি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

রামু থানার ওসি আরিফ হোসাইন বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি শান্ত করি। যেহেতু ঘটনাটি রেল লাইনে ঘটেছে, তাই রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।