খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 9শে ফাল্গুন ১৪৩১ | ২১ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক প্রতিনিধি নিয়োগ না দেওয়ার প্রতিবাদে এবং রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে সরকারকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সজীব। তিনি বলেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে কাঙ্ক্ষিত বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো এখন অবধি পূর্ণ বাস্তবায়িত হয়নি। জুলাই বিপ্লবের বিভিন্ন স্টেকহোল্ডার ও জনগণের সর্বস্তরে বিভাজন লক্ষণীয়।
তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, বিভিন্ন সংস্কার কমিশন, পিএসসি-ইউজিসিতে নিয়োগ দেওয়া হলো। এসব কিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপ্লব-পরবর্তী এমন অবিবেচনাপ্রসূত কার্যক্রম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সেই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষেত্রগুলোতে ঢাবি ও ঢাকাকেন্দ্রিক আধিপত্য কমিয়ে দ্রুততম সময়ে সংস্কারের আহ্বান জানাচ্ছি।
মেহেদী সজীব বলেন, পিএসসি, ইউজিসিসহ সর্বক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্থানের দক্ষদের অন্তর্ভুক্তির মাধ্যমে ইনক্লুসিভ বাংলাদেশ পূর্ণ বাস্তবায়নের পথে অগ্রসর হওয়ার জোর দাবি জানাচ্ছি। পরিস্থিতি বিবেচনার জন্য আমরা সরকারকে দুই দিনের সময় বেঁধে দিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, নুরুল ইসলাম শহিদ, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান শাকিল, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজুল ইসলাম প্রমুখ।
খবরওয়ালা/জেআর