রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সংস্কার

নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় সড়ক উন্নয়ন কাজে চরম অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ উঠেছে। রাস্তার মাঝখানে ছয়টি বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঢালাই কাজ।

এতে প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী, পথচারী, স্কুল শিক্ষার্থী, মোটরসাইকেল চালক ও রিকশা আরোহীরা। এই অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, বীরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে শংকর সাহার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার সড়ক উন্নয়ন কাজ করছে নরসিংদী পৌরসভা। কিন্তু কাজ শুরুর পরও সড়কের মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এতে সাধারণ মানুষের ভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

স্থানীয় বাসিন্দা সিরাজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার মাঝখানে খুঁটি রেখে রাস্তার উন্নয়ন—এ কেমন উন্নয়ন? রাতে আলো কম থাকলে গাড়ি বা মোটরসাইকেল চালিয়ে গেলে যে কেউ ধাক্কা খেতে পারে। বড় দুর্ঘটনা হলে তার দায় নেবে কে?

আরেক বাসিন্দা হাসিনা বেগম বলেন, এই রাস্তা দিয়েই স্কুলের বাচ্চারা যায়। প্রতিদিন দুশ্চিন্তা হয়—কখন কী হয়! খুঁটি না সরালে এই উন্নয়নের কোনো অর্থ নেই।

অটো চালক সুহেল মিয়া বলেন, ঢালাই করা রাস্তার মাঝখানেই খুঁটি! অটোরিকশা চালাতে গেলে ভারসাম্য রাখা কষ্টকর হয়ে যায়। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বিপদ অনিবার্য।

এ বিষয়ে নরসিংদী পৌর প্রশাসক মো. মনোয়ার হোসেন জানান, খুঁটিগুলো সরানোর জন্য ইতোমধ্যে পল্লীবিদ্যুতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এলাকাবাসী মনে করছেন, দায়িত্বহীনতার কারণে উন্নয়ন কাজ মানুষের জন্য দুর্ভোগে পরিণত হয়েছে। তারা দ্রুত বিদ্যুতের খুঁটি অপসারণ করে সড়ক নিরাপদ করার দাবি জানিয়েছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।