রিমান্ডে নামাজের ব্যবস্থার আকুতি সুব্রত বাইনের

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. নুসরাত ফাতেহ আলীর (৬১) আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

সেই সঙ্গে মামলার অপর তিন আসামি—আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ (৫৩), এম এ এস শরিফ (২৫) ও মো. আরাফাত ইবনে মাসুদ (৪৩)—এর ছয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতে তোলা হলে সুব্রত বাইন বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘স্যার, রিমান্ডে যেন আমার নামাজের ব্যবস্থা রাখা হয়।’ জবাবে বিচারক বলেন, ‘হ্যাঁ, নামাজের ব্যবস্থা করবে।’

এদিন কাঠগড়ায় সাংবাদিকদের উদ্দেশ্য করে সুব্রত বাইন বলেন, ‘এখন বলে আমি চাঁদাবাজি করি, ছিনতাই করি। আরে ভাই তদন্ত করে দেখেন কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো। এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কী লাভ সাংবাদিকতা করে। আমার টাকা থাকলে আমি নিজেই একটা পত্রিকা খুলে নিতাম, টিভি খুলে নিতাম। কিন্তু আমার এত পাওয়ারের দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। লিয়াকত, মুরগি মিলন এরা আমার শত্রু ছিল। এদের সাথে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি।’

তিনি অভিযোগ করেন, ২০২২ সালের রমজানের ২৬ তারিখে ভারত থেকে তাকে বাংলাদেশে ঢোকানো হয় এবং এরপর আড়াই বছর ‘আয়না ঘরে’ (নির্জন কারাগারে) আটকে রাখা হয়। পরে ৫ আগস্ট রাতে চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা যেন তদন্ত করে সত্যিটা লেখে। আমি যা সেটাই যেন লেখে। সত্যি কথা লিখবেন। হলুদ সাংবাদিক হবেন না। ৮৯ সাল থেকে আমার বিরুদ্ধে লিখছে। আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। সাংবাদিকদের বোঝা উচিত, তারা কী লিখছে, তার প্রভাবে কী হতে পারে। আমার ৬১ বছর বয়স হয়ে গেছে, পরিবার আছে।

পরে এজলাসে বিচারক আসলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন। এরপর শুনানি শেষে হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে ২৭ মে সকালে সেনাবাহিনী এক অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। পরে আরও দুই সহযোগী শরিফ ও আরাফাতকেও আটক করা হয়। অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে হাতিরঝিল থানায় মামলা করা হয়।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।