রিশাদের র‌্যাঙ্কিংয়ে দুর্দান্ত উত্থান, মিরাজ-হৃদয়েরও উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬৬তম স্থানে। প্রথম ওয়ানডেতে ৬ উইকেট ও পুরো সিরিজে এখন পর্যন্ত ১৯ ওভার বোলিং করে ৯ উইকেট নেওয়ায় এই উন্নতি। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি। বর্তমানে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিও রিশাদ।

ওয়ানডে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে ১ উইকেট নিলেও বোলিং র‌্যাঙ্কিংয়ে তিনিই দেশের শীর্ষ বোলার হিসেবে অবস্থান ধরে রেখেছেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ উন্নতি করে ৭১তম স্থানে উঠেছেন; সিরিজে একটি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন তিনি।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের তরুণ তারকা তাওহিদ হৃদয়ের। ৭ ধাপ এগিয়ে তিনি এখন ৩৫তম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে এক ফিফটিসহ ৩১.৫০ গড়ে ৬৩ রান করেছেন হৃদয়। অন্যদিকে, দুই ম্যাচে ৪৯ রান করা সৌম্য সরকার পাঁচ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে আছেন।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট নেওয়ায় পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী চার ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। টেস্টে ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের যশপ্রীত বুমরার চেয়ে মাত্র ২৯ রেটিং পয়েন্টে পিছিয়ে আছেন তিনি—এটাই তাঁর ক্যারিয়ারের সেরা অবস্থান।

লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেওয়া পেসার শাহিন আফ্রিদি তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠেছেন। আর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান চার ধাপ এগিয়ে ১৬তম স্থানে পৌঁছেছেন; লাহোর টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন একটি ফিফটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।