রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী জীবন সদস্যদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম, পক্ষপাতিত্ব ও নিরাপত্তাজনিত জটিলতার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রুয়ার জীবন সদস্যবৃন্দ।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এই নির্বাচন একটি ‘অগ্রহণযোগ্য প্রহসন’ এবং এতে অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে—হলগুলোতে কুরআন পোড়ানো, পূজার ব্যানার ছেঁড়া, শিক্ষার্থীকে ছুরিকাঘাতের মতো ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নির্বাচনের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও কর্মীদের হুমকি, মিথ্যা প্রচারণা এবং বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

তাঁরা অভিযোগ করেন, ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিকবার অন্তর্ভুক্তি এবং প্রকৃত সদস্যদের বাদ দেওয়ায় তালিকার নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরও প্রার্থীদের তালিকা ও বৈধতা নিয়ে প্রশাসনের নির্লিপ্ত অবস্থান, AGM ছাড়াই একতরফাভাবে নির্বাচন কমিশন ও এডহক কমিটি গঠন এবং অসম্পূর্ণ পৃষ্ঠপোষক পরিষদের অস্তিত্ব গোটা নির্বাচনী ব্যবস্থাকেই অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট করে তুলেছে।

তাঁদের ভাষ্য, বর্ষাকালে ভোটগ্রহণের সিদ্ধান্ত ৮ হাজারের বেশি ভোটারের অংশগ্রহণে বাধা সৃষ্টি করবে। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গ্র্যাজুয়েট সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিও অ্যালামনাই নীতির পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে জীবন সদস্যদের পক্ষে স্বাক্ষর করেন মল্লিক মো. মোকাম্মেল কবীর (সদস্য নং-১০৩২), আল আমীন সিদ্দিকী (সদস্য নং-১৪৯০) এবং ইমতিয়াজ আহমেদ (সদস্য নং-১৩৯১)।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।