রুশ হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) রুশ বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

উদ্ধার অভিযান চলছে এবং মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

রাশিয়া–ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, শুক্রবারের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে লাশ ও আহতদের দেহ পড়ে আছে। সেখানে একটি খেলার মাঠের ভিডিও রয়েছে। ভিডিওতে আকাশে ধূসর ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

নিপ্রোপেত্রভক্সের গর্ভনর আরও বলেন, জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশী প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে, শত্রুপক্ষের ৮৫ জন বিদেশী সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।

সূত্র: আলজাজিরা

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।