রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে কারপোভ ক্রিল (৩০) নামে একজন রাশিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

কারপোভ ক্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কারপোভ ক্রিল জিগাতলা এলাকার চিকিৎসক আনোয়ার হোসেনের বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন। শনিবার তার পরিবারের সদস্যরা রাশিয়া থেকে বারবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে তারা এই বিষয়টি কোম্পানির নিরাপত্তা কর্মকর্তাকে জানান।

নিরাপত্তা কর্মকর্তা একজন দোভাষী আনোয়ারুল ইসলাম এবং পাশের ফ্ল্যাটে বসবাসকারী আরেকজন রুশ নাগরিককে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তারা ক্রিলকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। পরে একজন চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই রুশ নাগরিক ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।