রূপপুর প্রকল্পে আরও ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের প্রকল্প এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক (এমডি) মো. জাহেদুল হাছানের স্বাক্ষরিত দুটি পৃথক পত্রে বরখাস্ত ও নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়। চিঠিগুলো বুধবার (১৪ মে) ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বরখাস্তকৃতরা শৃঙ্খলাবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং কর্তব্যে অবহেলা করেছেন। কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বরখাস্ত হওয়া ৮ কর্মকর্তা হলেন সহকারী ব্যবস্থাপক ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব, শামীম আহম্মেদ, মোহাম্মদ সালাউদ্দিন, মো. গোলাম আজম। ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক মো. মনির, ঊর্ধ্বতন উপসহকারী ব্যবস্থাপক গোলাম আজম, টেকনিশিয়ান রিয়াজ উদ্দিন ও ইসমাইল হোসেন।

একইসঙ্গে আরও একটি চিঠিতে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে এই ৮ জনের প্রকল্প এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালকের অন্যায় ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় এই ইস্যুতে তারা আলোচনা ও আইনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির দক্ষ কর্মী। শুধু ন্যায্য দাবিতে কথা বলায় এভাবে হয়রানি করা হচ্ছে।

এর আগে গত ৮ মে ১৮ জন কর্মকর্তাকে একইভাবে বরখাস্ত ও প্রকল্প এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়।

পরিচালক জাহেদুল হাছান সে সময় বলেন, ‘সিদ্ধান্ত তদন্ত ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ব্যবস্থাপনা পরিচালকের অপসারণসহ নানা দাবিতে এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীরা বিগত কয়েক সপ্তাহ ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।