খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
রেকর্ডবুকে হ্যাটট্রিক হিরো ফোডেন সিটির বড় জয়, ইংলিশ প্রিমিয়ার লীগে চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। শিরোপার দৌড়ে রয়েছে আর্সেনাল, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। গত বুধবার ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে লড়াই আরো জমিয়ে তোলে সিটিজেনরা। দলের বড় জয়ে হ্যাটট্রিক করে অবদান রাখেন সিটির ইংলিশ উইঙ্গার ফিল ফোডেন। নাম তোলেন রেকর্ডবুকে।
ঘরের মাঠে ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ২২তম মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরানের গোলে সমতা টানে অ্যাস্টন ভিলা। ৪৫+১ মিনিটে ফোডেনের গোলে ২-১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ৬২ ও ৬৯ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন। এতেই রেকর্ড গড়েন এই ইংলিশ উইঙ্গার। মাত্র ২৩ বছর বয়সেই প্রিমিয়ার লীগে তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন ফোডেন।

২৪ বছরে পদার্পণের আগে ফোডেনের চেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন কেবল চারজন। তারা হলেন- লিভারপুলের সাবেক দুই ফুটবলার রবি ফওলার (৭) ও মাইকেল ওয়েন, টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড হ্যারি কেইন (৬) এবং ম্যান সিটি স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ (৫)।
ম্যাচের পর হ্যাটট্রিক হিরো ফিল ফোডেনকে প্রশংসায় ভাসিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, তার শিরায় শিরায় গোল করার প্রবণতা রয়েছে। আর তাকে এর ব্যবহার করতেই হবে। গার্দিওলা বলেন, সে (ম্যাচে) শুরুটা ভালো করতে পারেনি, কিন্তু এরপর উন্নতি করেছে। সে যখন তিন গোল করবে, তাকে নিয়ে আমি কী বলতে পারি। মাঠে ফিল (ফোডেন) যা খুশি করতে পারে।

সে সত্যিই উঁচুমানের একজন খেলোয়াড়। ঘরের মাঠে পাওয়া এই জয়ে রেকর্ড হয় ম্যান সিটিরও। এ নিয়ে টানা ৪০ হোম ম্যাচে অপরাজিত রইলো সিটিজেনরা। ৩৪ জয় এবং ৬ ড্র। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ন্যূনতম ৪০ হোম ম্যাচে অপরাজিত রইলো ‘স্কাই বল্ল’রা। সবশেষ ১৯১৯ থেকে ১৯২১ সালের মধ্যে টানা ৪২টি হোম ম্যাচে আনবিটেন ছিল ম্যান সিটি। ৩০ ম্যাচে ২০ জয় ও ৭ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের তিনে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। গোল পার্থক্যে এগিয়ে অলরেডরা। আর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮। শিরোপা সম্ভাবনা নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেন, আমরা কীভাবে মৌসুম শেষ করব, তার ওপর এটা (শিরোপা) নির্ভর করছে। তবে আর্সেনাল ও লিভারপুলের খেলায় আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই চ্যাম্পিয়ন হওয়া কঠিন।
আরও দেখুন: