খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) একান্ত সচিবের কক্ষে অপেক্ষমান এনসিপি নেতা নাহিদের একটি কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনি করেন, আমি তিনটা নাম দিলাম ওইটা করেন, এখন ডিসিটা তো করা যাচ্ছে না। ডিসিটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত করতে পারতেছিনা, এই মাসের ভেতর চেঞ্জ হবে, আমাকে আপনি সুযোগ দেন।’
ফোনের অন্য প্রান্তে কাউকে এসব কথা বলছিলেন এনসিপির সংগঠক (হবিগঞ্জ) নাহিদ উদ্দিন তারেক। ওই ভিডিও নাহিদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদরুননেছা কলেজ শাখার সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশাকেও দেখা গেছে।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে জানিয়েছেন, নাহিদ উদ্দিন তারেক ও সিনথিয়া জাহিন আয়েশার পর ওই কক্ষে উপস্থিত হন এনসিপির আরেক নেতা মাহিন সরকার।
সায়ের প্রশ্ন করেন, রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের সাথে তাদের কী কাজ থাকতে পারে? আর ফোনে কার নাম আর ডিসি পরিবর্তনের কথা আলোচনা করছিলেন এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেক?
এদিকে, এ ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু করেন অনেকেই। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি বলেন, রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।
তিনি আরো বলেন, এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা, চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। বৈষম্যেবিরোধী ছাত্র জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।