লালবাগ কেল্লায় বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফেরার পর এখনও তিন দিনও পেরোয়নি জাতীয় দলের ক্রিকেটারদের। তবে এর মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা। ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন স্বাগতিক অধিনায়ক মিরাজ এবং অতিথি দলপতি শাই হোপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানকে ক্রিকেট ট্যুরিজম প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর একটি লালবাগ কেল্লায়, পরীবিবির মাজারের সামনে অনুষ্ঠিত হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে, সাপ্তাহিক ছুটির দিনে পুরান ঢাকায় যখন স্বাভাবিক কর্মব্যস্ততা শুরু হয়নি, তখনই লালবাগ কেল্লার ভেতরে ক্রিকেটীয় আয়োজন জমে ওঠে। ট্রফি হাতে ঐতিহাসিক স্থাপনাটির সামনে পোজ দেন মিরাজ ও হোপ।

শহরজুড়ে ব্যস্ততা শুরু হওয়ার আগেই দুজন ট্রফি নিয়ে ফটোসেশন সম্পন্ন করেন। এরপর মিরাজ যোগ দেন জাতীয় দলের অনুশীলনে, আর হোপ ফেরেন ক্যারিবিয়ান দলের হোটেলে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়েই দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডে ক্রিকেট ফিরছে মিরপুরে। সর্বশেষ এখানে পঞ্চাশ ওভারের ম্যাচ হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হার শোধ করার সুযোগ পাচ্ছে তারা। যদিও ওই পরাজয়ের আগে উইন্ডিজের বিপক্ষে টানা ১১ ম্যাচ জিতেছিল টাইগাররা।

এ পর্যন্ত দুই দলের ১২টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে উভয় দলই জিতেছে ৬টি করে সিরিজ। তাই আসন্ন লড়াইটি উভয়ের জন্যই সমতায় এগিয়ে যাওয়ার সুযোগ।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।