লালমনিরহাটে স্কুল শিক্ষার্থীকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে জান্নাতি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, কিশোরীটিকে মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়া তার এক হাত ও এক পা মোচড়ানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৬ এপ্রিল) রাতে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লালমনিরহাট টেকনিক্যাল কলেজ গেট ও নিহত ছাত্রীর বিদ্যালয় গেটসহ ছয়টি স্থানে পৃথক পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত শিক্ষার্থীর স্কুলের সহপাঠী, শিক্ষক, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ওই কিশোরীকে (ষষ্ঠ শ্রেণির ছাত্র) বাড়িতে রেখে পাশে অসুস্থ মাকে (কিশোরীর নানি) দেখতে যান তার মা। রাতে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাদের বাড়ির পাশে ভুট্টাক্ষেত থেকে স্থানীয় যুবক বেলাল হোসেনসহ ৪-৫ জনকে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় কিশোরীর মায়ের। পরে সেই ভুট্টা ক্ষেতে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কিশোরীর দুই হাত পিঠমোড়া করে বাঁধা ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে বালু ও মাটি। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরী।

এ ঘটনায় বুধবার রাতেই বেলাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪-৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন কিশোরীর বাবা। এ মামলায় রাতেই বেলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ধারণা, ধর্ষণ নয়; গ্রেপ্তার বেলালের ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর ভাইয়ের দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। বেলালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বেলাল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে নিহতের ভাইয়ের সঙ্গে গ্রেফতার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে বলে একটি খবর পাওয়া গেছে। তাদের এ পারিবারিক কলহের জেরে এটি হতে পারে বলেও ধারণা করে তদন্ত করা হচ্ছে।

খবরওয়ালা/টিএ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।