খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম
শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রাম থেকে এসব বোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বোমাগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ জানান, ডিসপোজাল ইউনিট এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াগাছা গ্রামের ওমানপ্রবাসী মিলন মাদবরের বাড়ি দীর্ঘদিন ধরে খালি ও পরিত্যক্ত অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচ বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কতগুলো বোমা রয়েছে তা গুনে দেখা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ৪০ থেকে ৫০টি হতে পারে। তিনি আরও জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য