শহীদের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

এক সময় বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। রুপালি পর্দায় ‘জাব উই মিট’-এর গীত ও আদিত্য যেমন মন ছুঁয়ে গিয়েছিল, তেমনি বাস্তব জীবনেও তাঁদের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের শেষ ছিল না। তবে সেই সম্পর্কের সমাপ্তি আসে এক আকস্মিক মোড়ে, যার কারণ আজও পুরোপুরি স্পষ্ট নয়।

২০০৪ সালে ‘ফিদা’ ছবির শুটিং সেটেই প্রথম পরিচয় শহীদ-কারিনার। সে সময় শহীদের একটি সম্পর্ক ভেঙে গিয়েছিল, অন্যদিকে কারিনাও হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদ ঘটে। ফলে দুজনের কাছাকাছি আসতে সময় লাগেনি। প্রথমে আপত্তি থাকলেও পরে কারিনার  মা ববিতাও সায় দিয়েছিলেন মেয়ের পছন্দে। ঘনিষ্ঠ মহলে কারিনা এ–ও জানিয়েছিলেন, তিনি শহীদকে বিয়ে করবেন।

সিনেমার দৃশ্যে কারিনা ও শহীদ। আইএমডিবি

‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’, ‘জাব উই মিট’-এর মতো ছবিতে একসঙ্গে কাজের সময় তাঁদের প্রেম আরও গভীর হয়। শহীদের প্রভাবে কারিনা হয়ে যান নিরামিষাশী। এমনকি কারিনা ‘জাব উই মিট’ ছবিতে কাজ করতেও রাজি হন শহীদের কথাতেই। বক্স অফিসে এই ছবি তুমুল সফল হয়। কিন্তু এই ছবি যখন মুক্তি পেয়েছে, তখন কারিনার হৃদয়ে অন্য পুরুষ এসে গিয়েছেন।

‘জাব উই মিট’-এ গীত-আদিত্যর বিয়ে হলেও শহীদ-কারিনা আলাদা হয়ে যান হঠাৎই। তখন কারিনার জীবনে সাইফ আলী খান। ‘টাশান’ সিনেমার সেটে তাঁদের সম্পর্কের শুরু। বক্স অফিসে সে ছবি দাগ কাটতে পারেনি। মুষড়ে পড়েছিলেন কারিনা। ডুবে গিয়েছিলেন হতাশায়। তখন নাকি তাঁর হতাশা প্রশমিত হয়েছিল সাইফের সান্নিধ্যে।

কিন্তু কেন শহীদের সঙ্গে কারিনার সম্পর্ক ভেঙে গেল? সেই কারণ নিয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি কোনো দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ভেবেছিলাম “টাশান” আমার ক্যারিয়ার বদলে দেবে। কিন্তু হলো ঠিক উল্টো। “জাব উই মিট” আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। আর “টাশান” আমার জীবন।’

একই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘শহীদ আমাকে বলে, তুমি এই চিত্রনাট্যটা শোনো, মেয়ের (গীত) চরিত্রটা অসাধারণ এবং তোমার এটা করা উচিত। ওর কথাতেই শেষমেশ রাজি হয়ে এই ছবিটা আমরা দুজনে করে ফেলেছিলাম। কিন্তু ব্রেকআপ? অবশ্যই ভাগ্য সেটাই ঠিক করে রেখেছিল, জীবন সেই ছন্দেই এগিয়েছিল। এই ছবিটা এবং “টাশান”-এর মধ্যবর্তী সময়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে…আমরা দুজনেই ভিন্ন রাস্তা বেছে নিয়েছিলাম।’

শহীদ একবার বলেছিলেন তাঁদের দুজন দুই মেরুর। ঠিক যেন ‘জাব উই মিট’-এর গীত ও আদিত্য। একদিকে প্রাণবন্ত কারিনা আর অন্যদিকে শান্ত, ধীর শহীদ। বিচ্ছেদের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্কও ঠেকেছিল তলানিতে।

তবে শোনা যায়, সাইফ আলী খানের জন্যই ফাটল ধরে শহীদ-কারিনার রসায়নে। শহীদকে লুকিয়ে নাকি সাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন কারিনা। জানতে পারার পরে কারিনার সঙ্গে সম্পর্ক আর রাখতে চাননি শহীদ।

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সমীকরণ। তিক্ততা সরিয়ে রেখে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুজনে একসঙ্গে কাজও করেছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।