খবরওয়ালা অনলাইন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।পাশাপাশি আজ রাত ৮টার পর থেকে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র্যাবসহ অন্যান্যরা সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন তারা।
তিনি বলেন, ‘এখনো আমরা কোনো আশঙ্কা দেখছি না। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।’
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রচুর জনসমাগম হবে। এ জন্য ট্রাফিক বিভাগ এক কিলোমিটার এলাকায় সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি ৭টি পথে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই ৭টি পথ হলো—শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।
খবরওয়ালা/এফএস



