শাকিব খানের পারিশ্রমিক আসলে কত?

ঈদুল আজহার পর থেকেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে নানা নতুন সিনেমার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছিল, রায়হান রাফি কিংবা মেহেদী হাসানের নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। যদিও সেসব গুজব বলেই প্রমাণিত হয়েছে। তবে হঠাৎ করেই গত সপ্তাহে নিশ্চিত হওয়া যায়—শাকিব খান একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যার পরিচালনায় থাকবেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ।

এই খবর ছড়ানোর পরই আলোচনায় আসে—শাকিব খান তাঁর পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। এমনকি সাইনিং মানিও নাকি আগের তুলনায় অনেক বেড়েছে। কিছু সূত্র থেকে বলা হচ্ছে, এই নতুন সিনেমার জন্য তিনি নিচ্ছেন তিন কোটি টাকা এবং সাইনিং মানি হিসেবে পেয়েছেন এক কোটি টাকা।

তবে এসব নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের বক্তব্য অনেকটাই কৌশলী। তিনি বলেন, “ফেসবুকে তো কত কিছুই ছড়ায়। যার যা ইচ্ছে লিখে দিলেই হলো। আমরা আপাতত এসব তথ্য নিয়ে কিছু বলতে চাই না। যা বলার ছিল, তা ইতিমধ্যে বলে দিয়েছি।”

ঢালিউডের একাধিক প্রযোজনা সংস্থার সূত্র বলছে, শাকিব খান আগেও সিনেমা প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে এখন সেটা দুই কোটির বেশি, কিন্তু তিন কোটির মতো নয়। সাইনিং মানি নিয়েও একই ধরনের ধোঁয়াশা আছে। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাইনিং মানি ৭০ লাখ টাকার বেশি, তবে এক কোটি নয়।

গুঞ্জন উঠেছে, পরিচালক মেহেদী হাসানের একটি সিনেমা থেকে সরে গেছেন শাকিব খান, কারণ পারিশ্রমিক বেশি ছিল। কিন্তু সেই সিনেমার প্রযোজক শাহরিন আক্তার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমাদের মাঝে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি। বরং শাকিব ভাই নতুন একজন নির্মাতাকে সুযোগ দিয়েছেন—এটা আমারা ইতিবাচকভাবেই দেখি।”

তিনি আরও জানান, তাঁরা প্রাথমিকভাবে শরীফুল রাজ, সিয়াম, আরিফিন শুভ ও আফরান নিশোর কথা বিবেচনা করছেন। এমনকি নতুন মুখ নিয়েও ভাবনা আছে। তবে ঈদুল ফিতরের সিনেমায় শাকিব না থাকলেও, তাঁর সিদ্ধান্তকে তাঁরা সম্মান করছেন।

বর্তমানে শাকিব খান সিদ্ধান্ত নিয়েছেন—এক ঈদে একটি মাত্র সিনেমা করবেন। ঈদুল ফিতরের সিনেমার কথা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহার জন্য আলফা আই প্রযোজনা সংস্থার একটি প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। যদিও এখনো চূড়ান্ত চুক্তি (সাইনিং) হয়নি।

এই সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “আমরা শাকিব ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। তাঁর পারিশ্রমিক নির্ধারিত হয় সিনেমার স্কেল, বাজেট ও বাজারের ভিত্তিতে। কেউ যদি ১০ কোটি টাকার প্রজেক্টে তাঁকে কাস্ট করে, সেখানে পারিশ্রমিকও তেমনই হবে। বিষয়টা নির্ভর করে সিনেমার ধরন ও বিনিয়োগের উপর।”

এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা গেছে—শাকিব খান বর্তমানে একাধিক সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, এবং পারিশ্রমিক বাড়িয়েছেন। যদিও তিন কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার দাবি আপাতত অতিরঞ্জিত বলেই মনে করছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। তবে নিশ্চিতভাবেই দুই কোটির ঘরে চলে এসেছে ঢালিউড কিংয়ের মূল্য।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।