‘শাটডাউনের’ পথে মার্কিন সরকার

ফেডারেল ব্যয় নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউজের বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র শাটডাউনের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্যান্স দুই দলের কংগ্রেসনাল নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও কোনো অগ্রগতি হয়নি।

বৈঠকের পর স্পিকার মাইক জনসন ও সিনেটের রিপাবলিকান নেতা জন থুনকে পাশে নিয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমরা শাটডাউনের দিকে যাচ্ছি। কারণ ডেমোক্র্যাটরা সঠিক কাজটি করতে চাইছে না।’ (সূত্র: আল জাজিরা)

চূড়ান্ত সময়সীমা বুধবার ভোর ১২টা ১ মিনিট। এর মধ্যে সমঝোতা না হলে সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যাবে এবং বহু ফেডারেল কর্মী সাময়িক ছুটিতে চলে যাবেন। রিপাবলিকানরা চাইছেন বর্তমান বাজেট বরাদ্দ ২১ নভেম্বর পর্যন্ত বহাল রাখতে।

অন্যদিকে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর ছাড় চাইছেন এবং রিপাবলিকানদের মেডিকেল সহায়তার মতো কর্মসূচিতে কাটছাঁট প্রত্যাহারের দাবি তুলেছেন। এসব কর্মসূচি নিম্ন আয়ের আমেরিকানদের স্বাস্থ্যসেবা তহবিল যোগাতে সহায়তা করে।

ভ্যান্স অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা সীমিত প্রভাব ব্যবহার করে সরকারকে জিম্মি করতে চাইছে। তিনি বলেন, ‘আপনারা আমেরিকার জনগণের মাথায় বন্দুক ধরে বলতে পারেন না যে, আপনাদের সব দাবি না মানলে সরকারের কার্যক্রম বন্ধ করে দেবেন।’

অন্যদিকে সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজ ও সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার জানান, ট্রাম্পের আগের ‘বিগ বিউটিফুল বিল’-এর কাটছাঁটে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা সংশোধন চান। জেফরিজ বলেন, ২০২৬ সালে বিমার প্রিমিয়াম বেড়ে যাওয়ার আগেই পরিবর্তন জরুরি।

শুমার সতর্ক করে বলেন, স্বাস্থ্যসেবা ও বাজেট সংশোধনীতে উভয় পক্ষের প্রস্তাব না মানলে শাটডাউন ঠেকানো কঠিন হবে। তবে দীর্ঘদিন পর সরাসরি ট্রাম্পের সঙ্গে আলোচনার সুযোগ পেয়ে তিনি ইতিবাচক মন্তব্যও করেন। শুমারের ভাষায়, ‘আমরা প্রেসিডেন্টকে স্বাস্থ্যসেবার বাস্তব প্রভাব বোঝালাম। তাঁর মুখ দেখে মনে হয়েছে, তিনি প্রথমবার বিষয়গুলো উপলব্ধি করছেন।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।