শাবিপ্রবি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। 

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে অভিযান চালিয়ে একজনকে ক্যাম্পাস থেকে এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। শুক্রবার (২০ জুন) তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রী।

মামলা, ভুক্তভোগী ও অন্য শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে,ঈদের আগে পূর্বপরিকল্পিতভাবে রিকাবিবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফাঁদে ফেলে তাকে অচেতন করে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যায় তারই সহপাঠী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। পরবর্তী তাকে জোরপূর্বক মেসে আটকে রেখে অচেতন অবস্থায় রাতভর পাশবিক নির্যাতন চালায় এবং ভিডিও ধারণ করে।

সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর জ্ঞান ফিরলে সে নিজেকে শোচনীয় অবস্থায় অপরাধীদের রুমে আবিষ্কার করে। তবে কিছু বোঝার আগেই অপরাধীরা মেয়েটিকে জানায় যে, তারা তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং সেই সময়ের ভিডিও ধারণ করেছে। এরপর সে ভিডিও ও নগ্ন ছবি দিয়ে তারা ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়মিত ব্ল্যাকমেইল করতে থাকে।

পরবর্তীতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ঘটনাটি তার এক সহপাঠীকে জানানোর পর কয়েকজনের মধ্যে জানাজানি হলে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।

অভিযুক্তদের মধ্যে শান্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলার আসামি। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অপর দিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাই। অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যে ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তদের (অবস্থান) শনাক্ত করে প্রক্টর অফিসে হাজির করা হয়।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।