নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন কয়েকশ নার্সিং শিক্ষার্থী।
বুধবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের দিকে তারা এই অবরোধ শুরু করলে ব্যস্ততম এই মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে দুপুর দেড়টার দিকে তারা একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন। শাহবাগ থানার সামনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
অবরোধের ফলে শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বাস থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
খবরওয়ালা/আরডি



