শিক্ষককে শোকজ করায় ভাড়াটে লোক দিয়ে প্রধান শিক্ষককে মারধর

নেত্রকোনার আটপাড়ায় একজন সহকারী শিক্ষককে শোকজ করায় স্থানীয় দুই যুবক বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

অভিযুক্তরা হলেন স্বরমুশিয়া ইউনিয়নের পুখলগাঁও গ্রামের হাফিজুর রহমান মিস্টার ও অভয়পাশা গ্রামের মুন্না খান শাহীন।

জানা গেছে, শিক্ষক রুবি আক্তার সময়মতো না আসায় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে রুবির স্বামী বিষয়টি স্থানীয় দুই প্রভাবশালী যুবককে জানালে তারা স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে মারধর করেন।

ঘটনার কিছুক্ষণ পর প্রধান শিক্ষকের স্ত্রী, সহকারী শিক্ষিকা তাসলিমা কোহেন, বিদ্যালয়ে এসে রুবিকে চড়-থাপ্পড় মারেন। এতে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং বিদ্যালয় চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রধান শিক্ষক দাবি করেছেন, শোকজের জেরে রুবির স্বামী ভাড়া করা লোক দিয়ে তার ওপর হামলা চালান। অন্যদিকে শিক্ষক রুবি আক্তার বলেন, মাত্র ১৫ মিনিট দেরিতে আসায় তাকে শোকজ করা হয় এবং প্রধান শিক্ষক বিভিন্ন সময় তাকে হয়রানি করেছেন।

অভিযুক্ত হাফিজুর রহমান দাবি করেছেন, রুবি তার চাচি এবং প্রধান শিক্ষক তাকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দিচ্ছিলেন—এ বিষয়ে জিজ্ঞাসা করতেই বাকবিতণ্ডা হয়, মারধরের অভিযোগ ভিত্তিহীন।

সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, মারধরের ঘটনা নিশ্চিত নন, তবে শোকজের বিষয়টি সত্য। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।