খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক আপেল মাহমুদ অসুস্থ অনশনকারীদের পানি খাইয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে মৌখিক আশ্বাস পাওয়ার পর তারা অনশন ভঙ্গ করেন। প্রতিনিধি দলে ছিলেন লিপিয়ারা খাতুন, মোরশেদা আক্তার, তাসনিম ও আব্দুল্লাহ আল মামুন।
গত ১৭ সেপ্টেম্বর থেকে ফলাফলে বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। রোববার পর্যন্ত অন্তত পাঁচজন অনশনকারী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রার্থীদের অভিযোগ, ১৮তম নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ২০ হাজার ৫৭৫ জন যোগ্য প্রার্থী মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন, যা মেধার অবমূল্যায়ন এবং দেশের শিক্ষক সংকটকে আরও বাড়িয়ে তুলছে। তাদের দাবি, এনটিআরসিএ-এর বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করার কথা থাকলেও তা মানা হয়নি।
তারা আরও অভিযোগ করেন, ই-সনদে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখ করা হয়নি, যা ফলাফলের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। পূর্ববর্তী নিবন্ধন পরীক্ষায় মৌখিক নম্বর মেধাতালিকায় প্রভাব না ফেললেও এবার তা সম্পূর্ণভাবে প্রভাব ফেলেছে। একইসঙ্গে বিভিন্ন বোর্ডে বৈষম্যমূলক ফলাফলেরও অভিযোগ তোলেন তারা।
ফল প্রত্যাশীরা সরকারের কাছে তিন দফা দাবি জানান—
১. মৌখিক পরীক্ষার বৈষম্য নিরসন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা।
২. দ্রুততম সময়ে সনদ প্রদান।
৩. বিশেষ গণবিজ্ঞপ্তিতে সকল উত্তীর্ণ প্রার্থীর আবেদন নিশ্চিত করা।
অন্যথায় তারা আবারও আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
খবরওয়ালা/আশ