শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে দুর্ধর্ষ ডাকাতি: টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই ইউনিয়নের গরদ্বার গ্রামের বজলুর রহমানের ছেলে মানিককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বাবুল দফাদারের পুত্রবধূ নুসরাত বলেন, একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে মারধর করেন। এসময় ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধূ নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে স্টিলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল সুকেস ও কয়েকটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল ফোন সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। 

রাত আনুমানিক দুইটা-আড়াইটার দিকে সশস্ত্র ডাকাতদল ওই বাসায় প্রবেশ করে কয়েক ঘণ্টা অবস্থান করে এক বছরের শিশুসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিল ও কাঠের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে লুটপাট চালিয়ে ফজরের আজানের মিনিট পাঁচেক পূর্ব তারা বের হয়ে যায়। ডাকাতদলের মধ্যে অনেকে মুখোশধারী ছিলেন। 
বাবুল দফাদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা বেগম জানান,বাসায় তার দুই মেয়ের বিয়ের জন্য রাখা ও পুত্রবধূর বিয়ের স্বর্র্নালঙ্কারসহ প্রায় ২০/২১ ভরি স্বর্ণালঙ্কার ও তাদের স্বামী-স্ত্রীর হজে যাওয়ার জন্য রাখা দুই লক্ষাধিক টাকা ডাকাতরা নিয়ে গেছে। 

ঘটনাস্থল পরিদর্শন করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে মানিক (৫০) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । 

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।