খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 7শে ভাদ্র ১৪৩২ | ২২ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে কড়া সতর্কবার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ।
এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছিল। সরকার দুঃখের সঙ্গে উল্লেখ করেছে, সম্প্রতি কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে তাঁর বক্তব্য প্রচার করেছে, যেখানে তিনি ‘মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন।
সরকারি বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে, তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের মতে, এ ধরনের বক্তব্য প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এবং সহিংসতা উসকে দিতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে হত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযুক্ত।
বাংলাদেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, এ দলের নেতাদের কার্যকলাপ বা বক্তব্য প্রচার, প্রকাশ বা সম্প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যম আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধে জড়িত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অখণ্ডতার ভিত্তিতে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিচ্ছে। জনগণ এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে গণমাধ্যমের উচিত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন করা।
সরকার মনে করছে, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার গণতান্ত্রিক উত্তরণের পথে দেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণকে বিভ্রান্ত করবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে আইনি জবাবদিহির মুখোমুখি হতে হবে।
খবরওয়ালা/শরিফ