শেষ হলো সপ্তাহব্যাপী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ‘টাইগার লাইটনিং’ মহড়া

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার। তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন।

বুধবার (৩০ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই শুরু হওয়া এক সপ্তাহব্যাপী এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে এক্সারসাইজ টাইগার লাইটনিং-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়।

শেষ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর যৌথ মহড়া

এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন।

মহড়ার প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানাবিধ কৌশলগত ও প্রায়োগিক কার্যক্রমে অংশ নেন।

আরো বলা হয়, এই অনুশীলনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে অনুশীলন সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া স্মারক হিসেবে প্রত্যেককে ইনসিগনিয়া প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে সিলেট অঞ্চলের সব কমান্ডারগণ, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা সদর এবং সিলেট অঞ্চলের সামরিক বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরো দৃঢ় করতে কার্যকরী অবদান রাখবে।

খরবওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।