শ্রীমঙ্গলে বিষাক্ত বর্জ্যে কৃষিজমি নষ্ট, কারখানা বন্ধের দাবি স্থানীয়দের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেডের বিষাক্ত বর্জ্যের কারণে পরিবেশ বিপর্যয় ও কৃষিজমির ক্ষতির প্রতিবাদে সড়কে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় কোম্পানির মূল গেটের সামনে রাজাপাড়া ও বাদে-আলিশা এলাকার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কারখানাটি পাহাড়ি ছড়ায় পাইপের মাধ্যমে সরাসরি বিষাক্ত বর্জ্য ও পানি ফেলছে, যার ফলে আশপাশের ফসলি জমি, হাওড়ের মাছ এবং গবাদিপশুর মারাত্মক ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, দিন-রাত চলা উচ্চ শব্দের কারণে আশেপাশের বাসিন্দারা শব্দ দূষণের শিকার হচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তব্য দেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, স্থানীয় মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া, আল আমিনসহ আরও অনেকে। তারা জানান, ৩০ মে’র মধ্যে কোনো সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

মানববন্ধন চলাকালে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় সাংবাদিকরা কারখানার ভেতরে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতে চাইলেও সিকিউরিটি জানায়, ভেতরে বর্তমানে কেউ নেই এবং পরে কথা বলা হবে। সাংবাদিকদের মোবাইল নম্বর চাওয়ার পরেও তা প্রদান করা হয়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, বিষয়টি জানার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার শাখার সহকারী পরিচালক মাহিদুল ইসলাম বলেন, ‘এই কোম্পানির বিষয়ে আমাদের কাছে ইতিবাচক প্রতিবেদন রয়েছে। তারা পুরাতন প্লাস্টিক পরিষ্কার করে তুলা উৎপাদন করে, কোনো রাসায়নিক ব্যবহার হয় না। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিবেশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।