সড়কে ব্যানার টাঙিয়ে ‘চাঁদা আদায়’, যুবদল নেতাসহ আটক ২

শরীয়তপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। স্থানীয় যুবদল নেতা আবদুর রশিদ হাওলাদার ও নারায়ণ পোদ্দারকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) মাদারীপুর-শরীয়তপুর সড়কের মনোহর বাজার মোড়ে এ ঘটনা ঘটেছে।

শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানা সূত্র জানিয়েছে, শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার মোড় হয়ে চট্টগ্রাম অঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকার যানবাহন চলাচল করে। কয়েক দিন ধরে ওই এলাকায় কিছু ব্যক্তি ট্রাক থেকে চাঁদা আদায় করছিলেন। অভিযোগ, শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপচালক শ্রমিক ইউনিয়নের নামে রশিদ ব্যবহার করে চালকদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল।

চালকেরা জানিয়েছেন, সোমবার সকাল ৮ থেকে ১০ জন মনোহর বাজার মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন গন্তব্যের পণ্যবাহী ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। যারা টাকা দিতে অস্বীকার করতেন, তাদের মারধর করা হতো। কয়েকজন ভুক্তভোগী ট্রাকচালক মনোহর বাজারের গরুরহাটের ইজারাদার ও শরীয়তপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যাকে ঘটনাটি জানান।

পালং মডেল থানায় অভিযোগ জানানো হলে ট্রাকচালকদের সহায়তায় আবদুর রশিদ হাওলাদার ও নারায়ণ পোদ্দারকে আটক করা হয়। আবদুর রশিদ শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। পরে দুপুরে পুলিশ দুজনকে পালং মডেল থানায় নিয়ে যায়।

শরীয়তপুর-মাদারীপুর সড়কে চলাচল করা ট্রাকের চালক জাকির মাতবর অভিযোগ করেন, আমার মতো শত শত ট্রাকচালকের কাছ থেকে শ্রমিক কার্ডের নাম করে চক্রটি চাঁদা আদায় করা হচ্ছিল।

ঘটনার বিষয়ে আতিক মোল্যা বলেন, কয়েকজনের একটি চক্র শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপভ্যানের চালক শ্রমিক ইউনিয়নের নাম করে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল, এমন তথ্য আমি কয়েক দিন ধরে পাচ্ছিলাম। আজ ট্রাকচালকের কাছ থেকে শ্রমিক কার্ড চেক করার নামে ৫০০ টাকা করে জোর করে আদায় করার অভিযোগে ১০ থেকে ১২ জন চালক ব্যানার টাঙিয়ে ট্রাক থামিয়ে টাকা তুলছিলেন। আমি থানাকে ঘটনাটি জানালে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ থানায় নেওয়ার সময় আবদুর রশিদ দাবি করেন, চাঁদা নেওয়া হচ্ছিল না। যাঁরা শ্রমিক, তাঁদের কার্ড থাকতে হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী আমরা দেখছিলাম কার্ড আছে কি না। যাঁদের নেই, তাঁদের জরিমানা করা হচ্ছিল।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সড়কে দাঁড়িয়ে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছিল, এমন অভিযোগে দুই ব্যক্তিকে জনতা আটক করেছে। তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।