খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।
বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, নতুন করে বাড়ানো এই ক্ষমতার মেয়াদ ১৪ মে থেকে শুরু হয়ে পরবর্তী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে।
এই ক্ষমতার অধীনে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর আওতায় বিভিন্ন অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে নিয়মিতভাবে এই ক্ষমতার মেয়াদ দুই মাস করে বাড়িয়ে আসছে সরকার।
এর আগে, গত বছরের ১৯ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়লে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন ও দেশব্যাপী কারফিউ জারি করে। এর কিছুদিন পর, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয় এবং ৮ আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এই ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করছে।
খবরওয়ালা/আরডি