সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার ২

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪০) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রবিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুইজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।

বা‌গেরহাট জেলা গো‌য়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্নেহাশিস দাশ বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে দুইজ‌নের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। পরে ঢাকার আশুলিয়া থে‌কে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে শুক্রবার (৩ অক্টোবর) পূর্বপরিকল্পিতভাবে তারা হায়াত উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

গ্রেপ্তার হওয়া আসামি দুইজনসহ তাদের সহযোগীরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মোটরসাইকেলে করে গিয়ে সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তার মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ব‌লে জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, হায়াত হত্যাকাণ্ডে রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।