সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দাম কারসাজির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৪ মে) বিএসইসির এক সূত্র গণমাধ্যমকে জানায়, গত এপ্রিল মাসের ‘এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট’ অনুযায়ী, সাকিবসহ মোট ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বিতভাবে শেয়ার কারসাজির অভিযোগে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার তালিকায় রয়েছে আবুল খায়ের হিরু, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কণিকা আফরোজ, সাজেদ মাতবর, মোহাম্মদ বাশার, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটাভিয়ন ও জাভেদ এ মতিন।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬ শতাংশ বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় ওঠে। এই সময়ের মধ্যে সিন্ডিকেটটি প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা রিয়ালাইজড মুনাফা তোলে, আর আন-রিয়ালাইজড মুনাফার পরিমাণ ছিল আরো প্রায় ৫৫ কোটি টাকা।

কমিশনে দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য। এটি ইচ্ছাকৃত নয়, অজ্ঞতা থেকেই হয়েছে। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব।’

শেয়ারবাজারে কারসাজির ঘটনায় এপ্রিলে চারটি কম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএসইসি। সোনালী পেপার ছাড়াও সোনালী লাইফ ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স ও জেমিনি সি ফুডের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর দায়ে আরো ২৪ জনকে মোট ৫৪ কোটি টাকা জরিমানা করা হয়।

সোনালী লাইফের কারসাজিতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান এবং তাঁর সহযোগীদের এক কোটি ৯৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নূরজাহান বেগম এবং তাঁর সহযোগীদের জরিমানা করা হয়েছে ৭৬ লাখ টাকা।

জেমিনি সি ফুডের শেয়ার কারসাজির ঘটনায় পাঁচজনকে তিন কোটি ৮৫ লাখ টাকা এবং এশিয়া ইনস্যুরেন্সের শেয়ারের দাম বাড়ানোর দায়ে আবুল খায়ের হিরু ও তাঁর সহযোগীদের ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।