সাতক্ষীরায় বিএনপির কাউন্সিল ভোটে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সাতক্ষীরার শ্যামনগরে পৌর বিএনপির কাউন্সিল ঘিরে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়েছে দুইটি গ্রুপ। 

কাউন্সিল চলাকালে জাল ভোটের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী, দলীয় কর্মী আনোয়ার-উস শাহাদাত (মিঠু) ও বাবু। মিঠুর মাথায় প্লাস্টিক পাইপের আঘাতে গুরুতর জখম হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা থেকে ওয়ার্ডভিত্তিক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় শতাধিক জাল ভোটার রয়েছে অভিযোগ তুলে এক পক্ষ ভোটগ্রহণ স্থগিতের দাবি জানায়। এর জেরে সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও যুগ্ম সম্পাদক আশেক এলাহী মুন্নার অনুসারীরা লিয়াকত আলীর ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় আহতদের মধ্যে মিঠুর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন।

লিয়াকত আলী বলেন, “জাল ডেলিগেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে। এর দায় কাউন্সিল পরিচালনায় থাকা জেলা নেতাদের।”

অন্যদিকে, কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা তাসকিন আহমেদ চিশতি ও জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।