খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ই জুলাই ২০২৫, ৭:১০ পিএম
ঘুষ ও দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন এবং তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
ওইদিন দুদকের পক্ষে সংস্থার উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি আদালতে আবেদন দুটি দাখিল করেন।
আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। দুদকের আবেদনে বলা হয়, তিনি জ্ঞাত আয়ের বাইরে সম্পদ গড়ে তুলেছেন নিজের ও পরিবারের সদস্যদের নামে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তাই তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করার প্রয়োজন দেখা দেয়।
একইভাবে, তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার বিরুদ্ধেও স্বামীর দুর্নীতিতে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আবেদনে বলা হয়, তিনিও দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তার বিদেশ গমন রোধ জরুরি।
শুনানি শেষে আদালত দু’টি আবেদনই গ্রহণ করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
খবরওয়ালা/শরিফ
মন্তব্য