সাবেক মেয়রের ভাইকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্তরা

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আলামিন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যার আগে পৌর শহরের পুরাতন থানার পেছনের সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

ভোক্তভোগী আলামিন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।

হামলায় আলামিন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনেরা। পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য পায়নি বলে জানিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আলামিন চৌধুরীকে সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও রগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আলামিনের অবস্থা নিয়ে জানতে চাইলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যার আগে আলামিন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম বিষয়টি খতিয়ে দেখছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।