সাবেক সিআইডি প্রধানসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার (১৯ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, কমিশনের সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান দেশের বাইরে যাওয়ার আশঙ্কায় দুইটি পৃথক আবেদনের মাধ্যমে ছয়জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নামে-বেনামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। এ অবস্থায় তিনি বিদেশে চলে গেলে তদন্তে উল্লেখিত অভিযোগ সংশ্লিষ্ট তথ্য, রেকর্ড ও সম্পদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশগমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

একই আদেশে আরও যাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন: নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া এবং তাঁদের তিন সন্তান—সাদ আল জাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।

দুদক সূত্র জানিয়েছে, এই ব্যক্তিদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। তবে এখনও অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

দুদক আইন অনুযায়ী, প্রাথমিক অনুসন্ধান চলাকালে তথ্য-উপাত্তের ভিত্তিতে দেশত্যাগ রোধে এমন ব্যবস্থা নেওয়া যায়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।