সাভারে স্ত্রীর সামনে স্বামীকে ছুরি মেরে হত্যা, ‘জামাই মাসুদ ‘ গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ছুরিকাঘাতে খোকন মিয়া (২৮) নামের এক পোশাক শ্রমিককে হত্যার পর মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মো. মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এস.এ পরিবহনের গোলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ২টার দিকে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মাসুদ রানা নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে জানিয়েছে পুলিশ।  

মাসুদের ছুরিকাঘাতে নিহত খোকন রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটারপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে। সে আশুলিয়ার জিরাবো মাদবরবাড়ি এলাকার শামসুলের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, গত ১০ জুন রাত তিনটার দিকে গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে করে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামেন পোশাক শ্রমিক খোকন ও তার স্ত্রী জাহিদা খাতুন। পরে তারা পায়ে হেঁটে বাইপাইল বগাবাড়ি এলাকার সুজুকি জাপান বাইক সিটির সামনে পৌঁছলে তাদের গতিরোধ করে ছিনতাইকারী মাসুদ। একপর্যায়ে তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনতাই করলে মাসুদকে ঝাপটে ধরে খোকন।

এ সময় ছিনতাইকারী মাসুদ তার হাতে থাকা ছুরি দিয়ে খোকনকে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর অবস্থায় পোশাক শ্রমিক খোকনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ খোকনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, ঘটনার পরের দিন নিহতের স্ত্রী জাহিদা খাতুন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা (নং ৩৪) করেন। পরে উন্নত প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে ছিনতাইকারী মাসুদকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে এসএ পরিবহনের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করায় আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির, আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।