খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত পুলিশ ক্যাডারের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা সবাই ৪০তম বিসিএস ব্যাচের।
চাকরিচ্যুত ছয়জন হলেন, মো. আশরাফউজ্জামান, মানস কির্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করিম ও সঞ্জীব দেব।
৪০তম বিসিএসের যে ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে অপসারণ করা হয়েছে, তাদের একজন ফাইজুল করীম। তিনি ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। কুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন অব্যাহতি পাওয়া এ কর্মকর্তা। আগামী রোববার এ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সমাপনী কুচকাওয়াজের দু’দিন আগে তাদের চাকরিচ্যুত করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর ধারা ৬(২)(এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
খবরওয়ালা/জেআর