‘সি’ ক্যাটাগরিতে ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে মোট ১৪০১ জন জুলাই যোদ্ধার তালিকার গেজেট প্রকাশ করার পর এবার ‘সি’ ক্যাটাগরিতে (সামান্য আহত) ৭৭২ জনের তালিকার গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৪ মার্চ) এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ‘এ’ শ্রেণির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন ও ‘বি’ শ্রেণির (গুরুতর আহত) ৯০৮ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকা প্রকাশ করা হয়।

গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানে আহতদের ধরনভেদে ‘এ’, ‘বি’, এবং ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে সুযোগ-সুবিধা দেবে সরকার। এর আগে গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা পাবেন এবং তারা ভাতাও পাবেন। যারা অতি গুরুতর আহত (এ-শ্রেণি) তারা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা (বি-শ্রেণি) প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা এবং এককালীন তিন লাখ টাকা পাবেন। সামান্য আহত (সি-শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তবে তারা কোনো ভাতা পাবেন না।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে। অন্তর্বর্তী সরকার শপথ নিয়েই জুলাই আন্দোলনে হতাহতদের চিকিৎসা ও অর্থ সহায়তার বিষয়ে উদ্যোগ নেয়। 

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।