খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। গুলিতে নিহতের মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২৪)। তিনি শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ সীমান্তের কাঁটাতারের পাশে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই সে মারা যায় এবং পরে তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, রাতে স্থানীয়ভাবে চেষ্টা করেও কিছু করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। নিহতের মরদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে। ভারতের পুলিশ মরদেহটি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।’
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির টহল জোরদার করা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
খবরওয়ালা/আরডি