খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শনিবার (৩১ মে) বিকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়ার মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ২০ জন আহত হন।
এরমধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষে আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬), লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/এমইউ