খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৩ই জুন ২০২৫, ১১:৫৩ এএম
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল স্থগিত থাকবে।
রবিবার (২২ জুন) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত) মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওর এলাকা প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধকল্পে হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের যাতায়াত স্থগিত থাকবে। একইসঙ্গে পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের পূর্বঘোষিত নির্দেশনা কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২১ জুন) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ১৩ দফা নির্দেশনা প্রকাশ করা হয়। এসব নির্দেশনা মেনে চলার মাধ্যমে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য