সৌদির ৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগকে ইংল্যান্ডের ‘না’

আইপিএলকে পেছনে ফেলতে বিশাল অংকের প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি আরব। তারা ৬ হাজার কোটি টাকার একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করেছে। তবে এই প্রস্তাব শুরুতেই বাধার মুখে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষের কারণে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সৌদির নতুন টুর্নামেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসিবি জানিয়ে দিয়েছে, তারা ক্রিকেটারদের উপর আর কোনো চাপ বাড়াতে চায় না।

সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, সৌদির প্রস্তাবিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগটি হবে ৮ দলের, এবং এর ম্যাচগুলো চারটি ভিন্ন ভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হবে। এই লিগের পুরো অর্থনৈতিক সমর্থন দেবে সৌদি আরবের সাভরিন ওয়েলথ ফান্ড। টেনিসের গ্র্যান্ড স্লাম ফরম্যাট অনুসরণ করে সাজানো হবে এই লিগ, যেখানে বছরে চারবার ম্যাচগুলো আয়োজন করা হবে চারটি ভিন্ন দেশে।

এমন একটি পরিকল্পনাকে শুরুতেই নাকচ করে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই একটি ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারে কাজ করছি। সারা বিশ্বে বহু ফ্রাঞ্চাইজি লিগ চলছে এবং খেলোয়াড়দের কাজের চাপ নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন কোনো টুর্নামেন্ট নিয়ে কাজ করা সম্ভব নয়।’

ইসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা সৌদির এই আইডিয়ার বিরোধী নই, তবে এই মুহূর্তে আমরা নিজেদের মধ্যে একমত হতে পারছি না।’

ইসিবি এখন সবচেয়ে বেশি ফোকাস করছে তাদের দ্য হান্ড্রেড (১০০ বলের টুর্নামেন্ট)-এর উপর। সম্প্রতি এই টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি এবং শেয়ার বিক্রি হয়েছে, যার মাধ্যমে ১.২৭ বিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়া গেছে।

আইপিএলকে বিশ্বের সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এর পরেই বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আরব আমিরাতে নিজস্ব ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ রয়েছে। সৌদি আরবের প্রস্তাবিত লিগ বাস্তবায়ন হলে এই সব লিগকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।