স্ত্রী-কন্যাসহ সাবেক অর্থমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল, মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা মোহা. নুরুল হুদা তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তারপর আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আসামি আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সম্পর্কিত মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ১৬৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক।

মামলার বিবরণ অনুযায়ী, মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশমিরী কামালের ‘অবৈধ’ সম্পদের পরিমাণ যথাক্রমে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা ও ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকা। আর তাদের মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ যথাক্রমে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা ও ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকা।

কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল এর আগের মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। গত মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। তিনি বিসিবির ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতিও ছিলেন। তার ব্যবসায়ী মেয়ে নাফিসা কামাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে আলোচনায় ছিলেন বিভিন্ন সময়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।