স্বজনদের দিকে তাকিয়ে আদালতে অঝোরে কাঁদলেন পলক

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে মামলার শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাঁকে। শুনানির পর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

সকালে সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট, পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া পরিয়ে পলককে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বারান্দায় অবস্থান করছিলেন তাঁর স্বজনরা। বাইরে তাকিয়ে ইশারায় তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে স্বজনদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। পলকের চোখের পানি দেখে আবেগ ধরে রাখতে পারেননি স্বজনরাও।

শুনানি শেষে যখন তাঁকে আবার হাজতখানায় নেওয়া হয়, তখনও তাঁকে বিমর্ষ ও শোকাভিভূত দেখা যায়।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে হাজির হয়ে পলক জানতে পারেন, তাঁর নির্বাচনী এলাকার কয়েকজন পরিচিত মানুষ মারা গেছেন। এই খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কাঁদতে থাকেন।

এর আগে, সরকার পতনের পরদিন ৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের চেষ্টাকালে পলককে আটকে দেওয়া হয়। বিমানবন্দরের কয়েকটি সরকারি সংস্থার কর্মকর্তারা তাঁকে শনাক্ত করে আটক করেন। এরপর ১৫ আগস্ট একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।