হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ জন, প্রার্থীবিহীন ৪ হল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে মেয়েদের ছয়টি হলের ৩৬ জন এবং ছেলেদের একটি হলের তিনজন রয়েছেন। এছাড়াও, মেয়েদের চারটি হলের একটি করে পদ ফাঁকা থাকছে, কারণ এই পদগুলোতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাকসু’র প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে তিনজন, মন্নুজান হলে একজন, রোকেয়া হলে ছয়জন, তাপসী রাবেয়া হলে তিনজন, বেগম খালেদা জিয়া হলে দশজন, রহমতুন্নেসা হলে নয়জন এবং জুলাই-৩৬ হলে সাতজন রয়েছেন।

এছাড়া, বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদ এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে তিনটি পদ, মোট চারটি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে, এই পদগুলো শূন্য থাকবে।

পদ শূন্য থাকা প্রসঙ্গে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান বলেন, “যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ পরিচালিত হবে। সেগুলো অন্য কোনো উপায়ে পূরণ করার কোনো সুযোগ নেই।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি আবাসিক হলে ৫৯৭ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও, ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়েদের ছয়টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদে ১৬ জন এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।