হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাম্বুলেন্সচালকের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিপ্লব সরদার (৩৪) নামের ওই চালক হাসপাতালের একটি জরাজীর্ণ কক্ষে বসে ইয়াবা সেবন করছেন, এবং পাশে কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

ভিডিওটি ৩ মিনিট ৩৮ সেকেন্ড দীর্ঘ, এবং এটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব সরদার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের আতিয়ার নামের এক ব্যক্তির মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালান। তিনি নিয়মিতভাবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবহন করে ফরিদপুর মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে।

এ ঘটনায় সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন মাদকাসক্ত চালকের হাতে রোগী পরিবহনের দায়িত্ব থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে রোগী ও তার পরিবারের জীবন বড় বিপদের মুখে পড়তে পারে।

বিপ্লব সরদার ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করে জানান, “ঘটনাটি বোয়ালমারী হাসপাতালের একটি জরাজীর্ণ ভবনের ভিতরে ঘটেছে। সেখানে অনেকেই ইয়াবা সেবন করেন এবং নানা অনৈতিক কাজ হয়। আমি গিয়ে দেখলাম, মান্না নামের এক ব্যক্তি ইয়াবা সেবন করছেন। বিশ্বাস করে তাদের সঙ্গে শখের বশে আমি ইয়াবা সেবন করি এবং ভিডিও করতে বলি। পরে হয়তো আমার ক্ষতি করার উদ্দেশ্যে ওই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “অ্যাম্বুলেন্সটি ব্যক্তি মালিকানাধীন। তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা বিষয়টি প্রশাসনকে জানাবো।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “অ্যাম্বুলেন্সের মালিকের সঙ্গে কথা বলে চালককে চাকরিচ্যুত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “কোনো নেশাগ্রস্ত ব্যক্তি কোনো যানবাহন চালাতে পারেন না, বিশেষ করে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবামূলক গাড়ি। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।”

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।